রিজার্ভ চুরি : ৪১ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

0
294

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ৪১ বারের মতো পি‌ছিয়েছে। আদালত মামলার পরবর্তী তারিখ ২৪ ফেব্রুয়ারি ধার্য করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সিআইডির তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়া‌ছির আহসান চৌধুরী নতুন তারিখ নির্ধারণ করেন।

চার বছর আগে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়।

সুইফট কোডের মাধ্যমে এই রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা বাদী হয়ে ২০১৬ সালের ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় ওই মামলাটি দায়ের করেছিলেন।

তবে, এ মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। থানায় মামলা দায়েরের পরদিন ১৬ মার্চ তদন্তপূর্বক মামলাটির প্রতিবেদন জমা দিতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত।

সেই থেকে সাড়ে ৩ বছরে ৪১ বার সময় নিয়েও প্রতিবেদন জমা দিতে পারেনি সিআইডি।