চূড়ান্ত ঘোষণায় বদলে গেল কেন্দ্রের ফল!

0
306

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের নির্বাচনি কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী। ঢাকা দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ আলমগীর এ অভিযোগ করেন।

এই ওয়ার্ডে মোহাম্মদ আলমগীর ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেছেন— ইরোজ আহমেদ (ঘুড়ি), শেখ মোহাম্মদ আলমগীর (ঝুড়ি), জুবায়েদ আদেল (টিফিন ক্যারিয়ার), হাজী এ এম কাইয়ুম (রেডিও)।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দক্ষিণ সিটির ফল ঘোষণায় টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী জুবায়ের আদেলকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু কেন্দ্রে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ আলমগীর। এ ফলাফলের বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ আলমগীর তথ্য-প্রমাণসহ দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মো. জাহাঙ্গীর।

তিনি বলেন, মূলত আরমানিটোলা উচ্চ বিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রে একটু সমস্যা ছিল। প্রকৃতপক্ষে ওই কেন্দ্রে ঘুড়ি প্রতীকের প্রার্থী ইরোজ আহমেদ পেয়েছেন ২০২ ভোট আর মোহাম্মদ আলমগীর পেয়েছেন ৪৩৯ ভোট। কিন্তু ঘোষিত ফলাফলে দেখা যায়, ঘুড়ি প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৩৯ ভোট আর মোহাম্মদ আলমগীর পেয়েছেন ২০২ ভোট। তাই আমাদের প্রার্থী ১৭ ভোটে হেরেছেন। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানিয়েছি।

তবে এ বিষয়ে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের নির্বাচনি ফলাফল স্থগিত ঘোষণা করেছেন ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। রবিবার (২ ফেব্রুয়ারি) ফলাফল স্থগিত ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন তিনি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪২(১) অনুযায়ী ডিএসসিসির সাধারণ ওয়ার্ড ৩১ নম্বরের নির্বাচনি ফলাফল ঘোষণা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।