ভারতের অবস্থা ভীষণ ভয়ানক : মনমোহন সিং

464
3609

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে ভারত ভয়াবহ বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাও আবার তিনদিক থেকে। এমনই আশঙ্কাবাণী শুনিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, আমাদের দেশের এখনকার অবস্থা ভীষণ ভয়ানক। শুক্রবার (৬ মার্চ) সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি সংবাদপত্রে ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কলামে লিখেছেন।

সেখানে তিনি লেখেন, সামাজিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক মন্দা ও বিশ্বজুড়ে মহামারি এই ত্রিভুজ সংকট দ্রুত ভারতের আত্মাকে ক্ষতবিক্ষত করবে।

এ দিকে দিল্লিতে চলমান সহিংসতা নিয়ে আগামী ১১ মার্চ পার্লামেন্টে আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে একটি বিবৃতি দেবেন বলেও আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

দিল্লিতে সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মনমোহন সিং লেখেন, আমাদের সমাজের কিছু সংখ্যক বিশৃঙ্খল মানুষ নির্মম এই ঘটনার জন্য দায়ী। যদিও রাজনৈতিক দলগুলোর বহু নেতাও এই বিশৃঙ্খল লোকদের দলে রয়েছেন। তারা সম্মিলিতভাবে মূলত সাম্প্রদায়িক এই সহিংসতার আগুনে ঘি ঢালছেন।

নিজের লেখায় সাবেক প্রধানমন্ত্রী জানান, ইতিহাসের অন্ধকার যুগকে স্মরণ করিয়ে দিয়েছে গত কয়েক মাস। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাবলিক প্লেস, এমনকি বাড়িঘরেও হিংসাত্মক সাম্প্রদায়িক উসকানি বয়ে চলেছে। আইনশৃঙ্খলা বাহিনী নাগরিকদের নিরাপত্তা না দিয়ে যার যার ধর্ম নিয়ে আছে। তাছাড়া ন্যায় বিচারের প্রতিষ্ঠান ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াও এখন আমাদের হতাশ করছে।

মনমোহন সিংয়ের ভাষায়, শিল্পপতি, বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা নতুন প্রকল্প শুরু করতে রাজি নয়। কেননা তাদের আর কোনো ঝুঁকি নেওয়ার ইচ্ছা নেই।

প্রবীণ এই রাজনীতিবিদ লিখেছেন, সত্যটি হলো ভারতের বর্তমান পরিস্থিতি ভীষণ ভয়ানক। আমরা যে দেশকে জানি এবং লালন করি, সেই ভারত এখন পিছনে পড়েছে। সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করে অর্থনৈতিক অব্যবস্থাপনাকে চাপা দেওয়া হচ্ছে। জাতি হিসেবে আমরা যে গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছি, তা এখনই সমাধান করার সময়।

এসবের পাশাপাশি ভারতের ওপর করোনা আতঙ্কের কথাটিও উঠে আসে মনমোহন সিংয়ের লেখায়।

464 COMMENTS

Comments are closed.