কুষ্টিয়ায় পুলিশের ধাওয়া খেয়ে যুবকের মৃত্যু

0
291

জেলা প্রতিনিধ, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরের দৌলতখালী গ্রামে পুলিশের মাদক উদ্ধার অভিযানকালে দৌড়ে পালানোর সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসান আলী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দৌলতখালী গ্রামের গোবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় একটি মোটরসাইকেল ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহতের সঙ্গে থাকা দুই যুবক পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে তিন যুবক দৌলতখালী গ্রামের রাস্তা দিয়ে দৌলতপুরের দিকে আসছিলেন। পথে ডিবি পুলিশ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল ফেলে তিন যুবক পালানোর চেষ্টা করেন। তিনজনের মধ্যে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও হাসান আলী মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। তিনি জানান, ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে মারা যাওয়া ওই যুবক ভেড়ামারা উপজেলার ষোলদাগ এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। পলাতক দুই যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।