নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমরা সারাক্ষণ মনিটর করছি। কোথাও যদি কোনো সমস্যা দেখা দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এ ধরনের সমস্যা মোকাবিলায় যথেষ্ট সক্ষমতা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে যদি এ ব্যাপারে একটু সচেতনতা সৃষ্টি করতে পারেন এবং সেভাবে মেনে চলতে পারেন ইনশাল্লাহ এ ধরনের সমস্যা মোকাবিলা করতে যথেষ্ট আমাদের সক্ষমতা রয়েছে। আমরা তা পারবো। কাজেই এখানে ঘাবড়ানোর কিছু নেই।
সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি বলবো সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে। এছাড়া প্রতিদিনই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে কীভাবে চলতে হবে, কীভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলো সবাইকে মেনে চলার অনুরোধ জানাচ্ছি।









