স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশ দল যে ভয়ডরহীন ক্রিকেট খেলছে তার অন্যতম কারিগর তিনি। ক্যারিয়ারের শুরু থেকে লড়াকু ক্রিকেটার হিসেবে তার সুনাম ছিল। আর অধিনায়ক হিসেবে মাশরাফিরই রয়েছে অনন্য সব কীর্তি।
মাশরাফি প্রথম অধিনায়কত্ব পেয়েছিলেন ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেটি অবশ্য টেস্ট ছিল। ইনজুরির থাবায় ছিটকে যান সফরের প্রথম ম্যাচেই। এরপর আর টেস্টে ফিরতে পারেননি। পরের বছর ওয়ানডে সিরিজে নেতৃত্ব পান। ব্রিস্টলে তার নেতৃত্বে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পেয়ে ছিটকে পড়েন দল থেকে। চোট থেকে ফিরলেও দলে জায়গা হারান তিনি। খেলতে পারেননি ঘরের মাঠের বিশ্বকাপও।
তৃতীয় দফায় তাকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত জানানো হয় ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর। যার সমাপ্তি ঘটল ৬ মার্চ, ২০২০ সালে সিলেট স্টেডিয়ামে। মাশরাফির অধিনায়কত্বের এবারের অধ্যায়ে বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছেছে অনন্য উচ্চতায়। তার নেতৃত্বেই বাংলাদেশ ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলে। আর ২০১৯ সালে জেতে প্রথম ত্রিদেশীয় সিরিজের ট্রফি।
মাশরাফির নেতৃত্বে মোট ৮৮টি ওয়ানডে ও ২৮ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে টাইগাররা। এর মধ্যে ২০১৭ সালের এপ্রিলে সবশেষ টি-টুয়েন্টি খেলেন তিনি। আর শুক্রবার (৬ মার্চ) নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ওয়ানডে থেকে। শেষ ম্যাচটি জিতে রেকর্ডবুকে নাম লেখান নড়াইল এক্সপ্রেস। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে তিনি ওয়ানডেতে ৫০টি ম্যাচ জয় করেন। বিশ্ব ক্রিকেটে এ তালিকায় তিনি ২৫তম তারকা।
অধিনায়ক হিসেবে ৫০ জয়ের মধ্যে ২৯টি ওয়ানডেতে আগে ব্যাট করেছে বাংলাদেশ। এমনকি দেশে-বিদেশের জয়ের আনুপাতিক হিসেবটাও ঠিক এমন। অর্থাৎ দেশের মাটিতে তার অধিনায়কত্বে ৩৭ ম্যাচে জয় পেয়েছে ২৯টিতে। আর বিদেশের মাটিতে ৫১ ম্যাচে জয় এসেছে ২১টিতে। অধিনায়ক মাশরাফি ব্যাট হাতে ২৯৮ রান ও বল হাতে শিকার করেন ৭২ উইকেট।
কোন দলের বিপক্ষে মাশরাফির কত জয়
আফগানিস্তান-৭ ম্যাচে ৫ জয়
অস্ট্রেলিয়া-২ ম্যাচে জয় নেই
ইংল্যান্ড-৯ ম্যাচে ৩ জয়
ভারত-৮ ম্যাচে ২ জয়
আয়ারল্যান্ড-৪ ম্যাচে ৩ জয়
নেদারল্যান্ডস-১ ম্যাচে জয় নেই
নিউজিল্যান্ড-১১ ম্যাচে ৩ জয়
পাকিস্তান-৪ ম্যাচে ৩ জয়
স্কটল্যান্ড-১ ম্যাচে ১ জয়
দক্ষিণ আফ্রিকা-৭ ম্যাচে ৩ জয়
শ্রীলঙ্কা-৮ ম্যাচে ৩ জয়
ওয়েস্ট ইন্ডিজ-১০ ম্যাচে ৮ জয়
জিম্বাবুয়ে-১৬ ম্যাচে ১৬ জয়
কোন দেশে কত জয়
বাংলাদেশ-২৯ জয় (৩৭ ম্যাচে)
আয়ারল্যান্ড-৭ জয় (৯ ম্যাচে)
ইংল্যান্ড-৫ জয় (১৫ ম্যাচে)
আরব আমিরাত-৩ জয় (৬ ম্যাচ)
ওয়েস্ট ইন্ডিজ-২ জয় (৩ ম্যাচে)
অস্ট্রেলিয়া ২ জয় (৪ ম্যাচে)
শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড-১টি করে জয় (যথাক্রমে ৩ ও ৭ ম্যাচে)
কোন বছরে কত জয়
২০১০-৩ জয়
২০১৪ -৫ জয়
২০১৫-১২ জয়
২০১৬-৩ জয়
২০১৭-৪ জয়
২০১৮-১৩ জয়
২০১৯-৭ জয়
২০২০-৩ জয়









