আন্তর্জাতিক ডেস্ক : সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুকের গাড়ি বহরে হামলা হয়েছে। তবে এতে তার কোনো ক্ষতি হয়নি। সম্পূর্ণ অক্ষত রয়েছেন তিনি। খবর ‘আল আরাবিয়া সুদান’।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) সকালে সুদানের রাজধানী খার্তুমে আব্দুল্লাহ হামদুকের গাড়ি বহরে বিস্ফোরণ ঘটানো হয়।
ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুকের স্ত্রী। এক বিবৃতিতে তিনি বলেছেন, আবদুল্লাহ অল্পের জন্য বেঁচে গেছেন। তাকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে।
এ দিকে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীগোষ্ঠী কিংবা আবদুল্লাহ হামদুকের বিরোধীরা এই হামলার দায় স্বীকার করেনি। এ ব্যাপারে পুলিশ তদন্ত চালাচ্ছে।
উল্লেখ্য, গণতন্ত্রপন্থিদের তীব্র বিক্ষোভের মুখে ২০১৯ সালের এপ্রিলে সুদানের প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়তে বাধ্য হন স্বৈরশাসক ওমর আল বশির। এরপর ক্ষমতা দখল করে বেসামরিক নেতৃত্বের সরকার। গত আগস্টে ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আবদুল্লাহ হামদুক।









