নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে। তবে করোনা পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারিভাবে সারা দেশে আমরা প্রতিনিয়তই খোঁজ খবর রাখছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের কঠোর নজরদারি চলছে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ আমাদের এখানে বিষয়টা ওই পর্যায়ে আসেনি। নতুন করে করোনা সংক্রমণ হওয়ার কোনো খবর আমরা পাচ্ছি না।
তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্কুল কলেজ বন্ধ করার কথা উঠেছে। সরকার করোনা পরিস্থিতি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়টি নিয়ে আমাদের কোনো চিন্তা-ভাবনা নেই, তা নয়। যদি সেই রকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সরকার অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে সরকার।
তিনি আরও বলেন, এই অবস্থায় সবাই একটু ধৈর্য ধরুন। সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের প্রস্ততি নিচ্ছি। পাশাপাশি করোনা মোকাবিলার প্রস্তুতিও নিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত যে যৌথ উদ্যোগের প্রস্তাব দিয়েছে তাতে বাংলাদেশ রাজি আছে বলেও জানান তিনি।
পরে করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সেতুমন্ত্রী।









