সিরিয়ায় তুরস্কের বিরুদ্ধে লড়তে কুর্দিদের সমর্থন দিচ্ছে মিশর

0
271

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর মধ্যে সিরিয়া ইস্যু অন্যতম। অবশ্য তুরস্ক ও রাশিয়া যুদ্ধবিরতিতে চূড়ান্ত সম্মতি প্রকাশ করায় সিরিয়ার অবস্থা এখন কিছুটা স্থিতিশীল।

তবে এমন পরিস্থিতিতে সামনে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। সিরিয়ায় তুরস্কের বিরুদ্ধে লড়তে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে সমর্থন দিচ্ছে মিশর। এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

গত মাসের মাঝামাঝি সময়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে নতুন করে জোরালো অভিযান শুরু করে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন বাহিনী। এ ক্ষেত্রে আসাদ বাহিনীকে সমর্থন দেয় রাশিয়া। আর শরণার্থী সমস্যার অজুহাতে রুশ সমর্থিত সিরীয় সেনাদের অভিযানের বিরোধিতা করে তুরস্ক। ফলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র হামলা-পাল্টা হামলা শুরু হয়।

তবে এ ক্ষেত্রে তুরস্কের লড়াইটা ছিল সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধেও। কুর্দিদের সিরিয়ার ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি বলে মনে করে তুরস্ক সরকার। এমনকি কুর্দিদের নিজেদের জন্যও হুমকি মনে করে তুরস্ক। এজন্য গত বছরের শেষ দিকেও সিরিয়ায় কুর্দিবিরোধী অভিযান চালিয়েছিল তুর্কি সেনারা। এ কারণে সিরিয়ায় তুরস্ক অভিযান চালালে স্বাভাবিকভাবেই তাতে সম্পৃক্ত হয়ে পড়ে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী।

এ বিষয়টির দিকে ইঙ্গিত করে মিডল ইস্ট আইয়ের শনিবারের (১৪ মার্চ) এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় এখনো তুরস্কের সেনা মোতায়েন রয়েছে। তাদের বিরুদ্ধে লড়ছে কুর্দিরা। আর তুর্কি সেনাদের বিরুদ্ধে লড়তে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা দিচ্ছে মিশর।

ওই প্রতিবেদন অনুযায়ী, এ ক্ষেত্রে মিশর মূলত সহায়তা দিচ্ছে আর্থিকভাবে। এছাড়া কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে সামরিক সরঞ্জামও দিচ্ছে দেশটি। তাছাড়া মিশরে গিয়ে সামরিক প্রশিক্ষণও নিচ্ছে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সদস্যরা।

শুধু তা-ই নয়, মিশরের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও তুরস্ককে মোকাবিলায় কুর্দিদের পাশে দাঁড়িয়েছে বলে উল্লেখ রয়েছে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনটিতে।