নিজস্ব প্রতিবেদক : মিরপুরের ঝুটপট্টির অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড ডিফেন্স সার্ভিসের পরিচালক (অপারেশন মেইনটেনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান।
আগুন নিয়ন্ত্রণের পর ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, শনিবার (১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে পরবর্তী সময়ে আরও দুটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টার পর বিকাল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
এ দিকে অগ্নিকাণ্ডস্থল থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।









