হরভজনের সর্বকালের সেরা টেস্ট দলে পাক ক্রিকেটার

0
271

স্পোর্টস ডেস্ক : হরভজনের চোখে সেরা টেস্ট দলে আছেন তিন ভারতীয়, চার অজি, দুই প্রোটিয়া ও একজন করে লঙ্কান ও পাকিস্তানি ক্রিকেটার। যেখানে উইকেটরক্ষকসহ ৬ ব্যাটসম্যান, এক স্পিনার, তিন পেসার ও একজন পেস অলরাউন্ডারকে রেখেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার।

ওপেনার হিসেবে শুরুতেই বীরেন্দর শেওয়াগকে রেখেছেন হরভজন। ১০৪ টেস্টে ১৮০ ইনিংসে ৮ হাজার ৫৮৬ রান করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। টেস্টে তার গড় ৪৯.৩৪। টেস্টে ২৩ সেঞ্চুরি ও ৩২ হাফসেঞ্চুরি রয়েছে তার। ভারতের হয়ে একমাত্র দুটি ট্রিপল সেঞ্চুরি করেন তিনি।

ওপেনিংয়ে শেওয়াগের সঙ্গী ম্যাথু হেইডেন। ১০৩ টেস্টে ১৮৪ ইনিংসে ৮ হাজার ৬২৫ রান করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার। গড় ৫০.৭৩। ৩০ সেঞ্চুরি ও ২৯ হাফসেঞ্চুরি করেছেন তিনি ।

তিন নম্বরে দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়। ১৬৪ টেস্টে ২৮৬ ইনিংসে ১৩ হাজার ২৮৮ রান করেছেন দ্রাবিড়। গড় ৫২.৩১। টেস্টে ৩৬ সেঞ্চুরি ও ৬৩ হাফসেঞ্চুরি করেছেন ভারতের সাবেক অধিনায়ক।

চার নম্বরে আরও এক ভারতীয়, শচীর টেন্ডুলকার। ক্রিকেটবিশ্বে একমাত্র তিনিই ২০০ টেস্ট খেলেছেন। ৫৩.৭৮ গড়ে করেছেন ১৫ হাজার ৯২১ রান। এটাও সবার চেয়ে বেশি। ৫১ সেঞ্চুরি ও ৬৮ হাফসেঞ্চুরি করেছেন লিটল মাস্টার।

পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। ১৬৬ টেস্টে ২৮০ ইনিংসে ৫৫.৩৭ গড়ে করেছেন ১৩ হাজার ২৮৯ রান। ৪৫ সেঞ্চুরি ও ৫৮ হাফসেঞ্চুরি করেছেন তিনি। পাশাপাশি বল হাতেও দারুণ সফল ছিলেন এ প্রোটিয়া তারকা। টেস্টে ৩২.৬৫ গড়ে নিয়েছেন ২৯২ উইকেট। টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন পাঁচ বার। ভাজ্জির দলের পাঁচ নম্বরে থাকছেন তিনি।

অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে এই দলের অধিনায়ক হিসেবে নির্বাচন করেছেন হরভজন। ১৬৮ টেস্টের ২৮৭ ইনিংসে ৫১.৮৫ গড়ে ১৩ হাজার ৩৭৮ রান করেছেন পন্টিং। রয়েছে ৪১ সেঞ্চুরি ও ৬২ হাফসেঞ্চুরি। তবে ওয়ানডাউনে খেলা পন্টিংকে ফোরডাউনে রেখেছেন ভাজ্জি।

দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান হলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ১৩৪ টেস্টের ২৩৩ ইনিংসে ৫৭.৪০ গড়ে ১২ হাজার ৪০০ রান করেছেন তিনি। ৩৮ সেঞ্চুরি ও ৫২ হাফসেঞ্চুরি রয়েছে তার মধ্যে। নিয়েছেন ১৮২ ক্যাচ। স্টাম্পিংয়ের সংখ্যা ২০।

পেসারদের মধ্যে শুরুতেই আছেন প্রোটিয়া অলরাউন্ডার শন পোলক। ১০৮ টেস্টে ২৩.১১ গড়ে তিনি নিয়েছেন ৪২১ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২৩ বার। টেস্টে ১০ উইকেট নিয়েছেন এক বার। ব্যাটে ৩২.৩১ গড়ে করেছেন ৩ হাজার ৭৮১ রান। দুটি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরিও রয়েছে পোলকের।

হরভজনের দলে নতুন বলে আক্রমণ শুরু করবেন ওয়াসিম আকরাম। কিংবদন্তি পাকিস্তানি পেসার ১০৪ টেস্টে ২৩.৬২ গড়ে নিয়েছেন ৪১৪ উইকেট। ২৫ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। পাঁচবার টেস্টে ১০ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটে তিনটি সেঞ্চুরি ও সাতটি হাফসেঞ্চুরিসহ করেছেন ২ হাজার ৮৯৮ রান।

তবে স্পিনার হিসেবে মুরালিধরন বা অনিল কুম্বলেকে একাদশে রাখেননি হরভজন। তার চোখে একমাত্র স্পিনার হলেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। কিংবদন্তি লেগস্পিনার ১৪৫ টেস্টে ২৫.৪১ গড়ে নিয়েছেন ৭০৮ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩৭ বার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার।

নতুন বলে আকরামের সঙ্গী অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। ১২৪ টেস্টে ২১.৬৪ গড়ে ৫৬৩ উইকেট নিয়েছেন ম্যাকগ্রা। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২৯ বার। টেস্টে ১০ উইকেট নিয়েছেন তিন বার।

হরভজনের সেরা টেস্ট একাদশ : বীরেন্দর শেওয়াগ, ম্যাথু হেইডেন, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, শন পোলক, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা।