নিজস্ব প্রতিবেদক : দেশে মরণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার পর এবারের বিশ্ব ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠান কাটছাঁট করে ছোট পরিসরে করার সিদ্ধান্ত হয়েছে। তবে রবিবার (১৫ মার্চ) দিবসটি পালনের অংশ হিসেবে ভোক্তা অধিকারের বিশেষ হটলাইন নম্বর চালু করা হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কল করে এটি চালু করবেন বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা।
শনিবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাবলু কুমার সাহা বলেন, এবার ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার-সুরক্ষিত ভোক্তা-অধিকার’। দিবসটি একযোগে কেন্দ্রীয়, বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উদযাপন করা হবে।
তিনি বলেন, বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আমাদের র্যালিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তবে করোনা ভাইরাসের কারণে আমাদের অনুষ্ঠানের কিছুটা সূচি পরিবর্তন করা হয়েছে। বড় র্যালি আমরা এবার করছি না।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য সচিব ডা. মো. জাফর উদ্দিন, সংস্থাটির পরিচালক শামীম আল মামুন, উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।









