স্পোর্টস ডেস্ক : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে সোমবার (১৬ মার্চ) সকাল পর্যন্ত নতুন করে ৬৮১ জনের প্রাণহানি ঘটেছে। এতে মৃতের সংখ্যা ৬ হাজার ৫১৬ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৭৫৩ জন।
করোনা ভাইরাসের সংক্রমণের জেরে বাতিল হয়ে গিয়েছে ক্রিকেট ফুটবলের অনেক ইভেন্ট। তার ধারাবাহিকতায় ঘরের মাঠে নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ বাতিল করে অজি ক্রিকেট বোর্ড। করোনার আক্রমণ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশটির সরকার। কিন্তু সেই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন দুই অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়া সরকারের নিয়ম অনুযায়ী, রবিবার (১৫ মার্চ) মধ্য রাত থেকে সে দেশে যেসব আন্তর্জাতিক যাত্রীরা আসবেন, তাদের ১৪ দিন স্বেচ্ছায় বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে। যা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রশ্ন প্রথম তোলেন অস্ট্রেলিয়ার এক সাংবাদিক। তিনি বলেছেন, ‘একটা সত্যিকারের প্রশ্ন আছে। দেশের সরকার কীভাবে জানছে যে যারা আসছেন, তারা নিজেদের স্বেচ্ছাবন্দি করে রাখছেন?’
এই বিতর্কে যোগ দিয়েছেন ফিঞ্চও। তিনি ওই সাংবাদিকের টুইট আবার রিটুইট করে মন্তব্য করেছেন, ‘আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম।’
ফিঞ্চের টুইট দেখে চুপ করে থাকতে পারেননি ওয়ার্নারও। তিনিও পাল্টা প্রশ্ন তুলে দেন। ওয়ার্নার টুইট করেন, ‘এর পাশাপাশি সেইসব যাত্রী যদি বিমানবন্দর থেকে ট্যাক্সি, ট্রেন, বাস ধরে নিজের বাড়ি ফেরে, তখন কী হবে?’
অস্ট্রেলিয়ায় ইতোমধ্যেই ১৫০ জনের ওপরে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারাও গিয়েছেন তিনজন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সবার কাছে আবেদন করেছেন, যেন এক জায়গায় ৫০০ জনের বেশি মানুষ জড়ো না হন। তবে স্কুল, কলেজ বন্ধ রাখার ব্যাপারে কোনো ঘোষণা করেননি প্রধানমন্ত্রী মরিসন।









