করোনা মুক্তির প্রার্থনা আকরাম-শোয়েব-আফ্রিদির

0
262

স্পোর্টস ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত একদিনে ৮১৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯৮৪ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৭৬২ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের মোট ১৬৫টি দেশে মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তাছাড়া ঝুঁকিতে আছে আরও অনেক দেশ। এতে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে।

করোনার কারণে স্থবিরতা বিরাজ করছে বিশ্বের ক্রীড়াঙ্গনেও। ভাইরাসটির প্রাদুর্ভাবের কারণে ইউরোপের বিভিন্ন লিগগুলো আগেই বন্ধ হয়ে গেছে। এছাড়া ক্রিকেটের অনেক ইভেন্টও বন্ধ ঘোষণা হয়েছে। তারই ধারাবাহিকতায় বাতিল হয়েছে পাকিস্তান সুপার লিগও।

চলমান সংকটময় পরিস্থিতিতে পিসিএলে খেলতে আসা ক্রিকেটাররা নিজ দেশে ফিরেছেন। সেমিফাইনাল ও ফাইনাল স্থগিত করায় কিছুটা খারাপ লাগছে দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের।

তবে পাকিস্তান কিংবদন্তি সবার সুস্থতা কামনা করেছেন, ‘আমাদের ভালোবাসার পিএসএলে অন্যরকম অবদান রাখায় দেশি-বিদেশি সব খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। সবাইকে যার যার পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা সবার নিরাপত্তা প্রত্যাশা করি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বিশ্বের পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়।’

কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার, ‘আমরা অন্য জাতি ও বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াব। এটা বৈশ্বিক দুর্যোগ। আর কোনো মানুষ মারা যাক, সেটি কেউই চাই না।’

সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিরও মন খারাপ পিএসএল বন্ধ হয়ে যাওয়ায়, ‘পিসিএল স্থগিত হয়ে যাওয়ায় খারাপ লাগছে। তবে স্বাস্থ্যের নিরাপত্তাই আগে। বিশেষ করে যাদের বাড়ি ফেরার তাড়া আছে।’