কিশোরগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৫জন, মোট শনাক্ত ২৩

0
234

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় চার চিকিৎসকসহ মোট ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকাল সন্ধ্যায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) ২২ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইন্সটিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে পাঁচজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এই পাঁচজনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার দুইজন, তাড়াইল উপজেলার দুইজন ও কুলিয়ারচর উপজেলার একজন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরও জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত মোট ২২৮ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ২৩ জনের করোনা পজিটিভ এবং বাকি ২০৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

উপজেলাওয়ারী হিসেবে করিমগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ৮ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন, ভৈরব উপজেলায় ৩ জন, ইটনা উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ২ জন, তাড়াইল উপজেলায় ২ জন এবং হোসেনপুর উপজেলার একজন করোনা শনাক্ত হয়েছেন। নতুন করোনা শনাক্ত হওয়া কিশোরগঞ্জ সদর উপজেলার দুইজনের মধ্যে একজন চৌদ্দশত ও অপরজন মহিনন্দ ইউনিয়নের বাসিন্দা।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, বুধবার (১৫ এপ্রিল) নতুন করে ২৪ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইন্সটিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠিয়েছেন বলে তিনি জানান।