পালিয়ে যেভাবে খোকসায় আসেন করোনা আক্রান্ত ওই ব্যক্তি!

0
260

নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত এক পুলিশ সদস্য ঢাকা থেকে মোটরসাইকেল যোগে খোকসায় পালিয়ে এসেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। ওই পুলিশ সদস্যের নাম কাজী আতাউল (৩৫)। সে উপজেলার ওসমানপুর গ্রামের রতন কাজীর ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ওই পুলিশ সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলে পালিয়ে খোকসায় এসেছেন। পুরো রাস্তা জুড়ে তিনি করোনা ছড়াতে ছড়াতে এসেছেন বলে তাদের ধারণা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার কোনো উপসর্গ নেই এবং সে সুস্থ আছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য প্রশাসন বলছেন, তার নিজের বাড়িতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হবে। উপজেলা প্রশাসন তার বাড়ি এবং আশপাশের এলাকা লকডাউন করে দিয়েছে।

এ বিষয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. প্রেমাংশু বিশ্বাস তার ফেসবুকে লিখেছেন, খোকসা উপজেলার ওসমানপুরে একজন কোভিড-১৯ পজিটিভ রোগীর খোঁজ পেয়েছি আমরা। রোগী ঢাকা ফেরত। লকডাউনের প্রস্তুতি নিচ্ছি আমরা। দয়া করে ঘরেই থাকুন।’

জানা গেছে, সম্প্রতি খোকসায় আসা ঐ পুলিশ সদস্যের করোনা টেস্ট করা হয় ঢাকার আইইডিসিআর থেকে। তার শরীরে করোনা উপস্থিতির খবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানতে পারে বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২ টায়।

এদিকে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে- পথে পথে এত কড়াকড়ি ও লকাডাউনের পরও কীভাবে তিনি এলাকায় ঢুকতে পেরেছন।

অনেকেই আবার প্রশ্ন তুলেছেন- পুলিশ সদস্য হওয়ার জন্যই কী তিনি ছাড় পেয়েছেন! লকডাউনের মধ্যে তিনি কিভাবে মোটরসাইকেল যোগে খোকসায় আসলেন তার সঠিক কারণ এখনও জানা যায়নি।

এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার এস. এম তানভীর আরাফাত সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে করোনা আক্রান্ত তিন জনের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি ওইসব এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে যাতে ওই সব এলাকায় প্রবেশ বা ওই সব এলাকা থেকে কেউ বের না হতে পারে।