নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশে অনলাইনে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মোকাবিলায় মানুষের জীবন রক্ষা, খাদ্য সহায়তাদান ও অর্থনীতিকে চাঙ্গা রাখতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশের বেশি প্রণোদনা ঘোষণাসহ নানা পদক্ষেপ নিয়েছেন। সেগুলো দেশের পাশাপাশি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসও প্রধানমন্ত্রীর এসব কর্মকাণ্ডের প্রশংসা করেছে। কিন্তু বিএনপি সেগুলোর প্রশংসা করতে পারছে না, উল্টো বিষোদগার করছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী যে ভাষায় কথা বলছেন, আমি তাকে অনুরোধ জানাবো রমজান মাসে কথাবার্তায় একটু সংযমী হওয়ার জন্য।
হাছান মাহমুদ বলেন, রমজান মাসে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে আমাদের জনগণের পাশে দাঁড়ানো প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। দলের পক্ষ থেকে যে কমিটি করার কথা বলা হয়েছে, তারা দলের এই ত্রাণ বিতরণ করছে। ইতোমধ্যে লাখ লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছানো হয়েছে। দলের কমিটিকে সরকারি ত্রাণের সঙ্গে এজন্য সমন্বয় করতে বলা হয়েছে, যাতে এক ব্যক্তি বারবার ত্রাণ না পায়, আবার যেন কেউ বাদ না পড়ে।
এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।









