নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার মাঠ প্রশাসনে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া কুমারখালীর এসিল্যান্ড (ভূমি) মাহমুদ আল জিহান নিজেই করোনা আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কুষ্টিয়ার পিসিআর ল্যাবের রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।
জানা গেছে, দিনরাত উপজেলার এ ধার থেকে ওধারে ছুটে বেড়িয়েছেন। কখনও মোবাইল কোর্ট নিয়ে, কখনও লোকবল নিয়ে, কখনও বা একাই। উদ্দেশ্য একটাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। জনগণকে সচেতন করতে তিনি সর্বোত্তমটাই করে চলেছিলেন।
জিহানের ফেসবুক পেজ ক্লিক করলেই এই সত্যতা মিলবে। গত ২৪ এপ্রিল তিনি তার ফেসবুকে পেজে লেখেন- ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু॥
সর্বশেষ ২৫ এপ্রিল কুমারখালী উপজেলার পৌরসভার বাজার এলাকা, খোকন মোড় এবং আলাউদ্দিন নগর মোড়ে অবৈধভাবে দোকান খোলা রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। তিনি লেখেন জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।
মানুষকে করোনার হাত থেকে বাঁচানোর সেই সংগ্রামী মানুষটিই এবার করোনার কাছে নিজেকে সর্মপণ করলেন।
বিষয়টি কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন নিশ্চিত করেছেন।
তবে কুষ্টিয়া জেলা প্রশাসক অসলাম হোসেন জানিয়েছেন, অধিকতর পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হবে। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল জানান, বর্তমানে তিনি ভালো আছেন।









