স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে হতাশায় জর্জরিত ছিল বাংলাদেশ দল। সঙ্গী ছিল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের হতাশার গ্লানি। তবে ক্যারিবীয় সফর শেষে আর নেই সেই গ্লানি। সফরের তিন সিরিজের মধ্যে দুটিতেই জিতে প্রশান্তির হাসি নিয়েই বৃহস্পতিবার সকালে দেশে ফিরছেন সিরিজজয়ী ক্রিকেটাররা।
দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যাপারে আশাবাদী হওয়া ছিল কঠিন। এর সঙ্গে যুক্ত হয় উইন্ডিজ সফরের প্রথম অ্যাসাইনমেন্ট তথা টেস্ট সিরিজে হতাশাময় পারফরম্যান্স। এতে পুরো সফরেই ভরাডুবির শঙ্কা দেখা দেয়।
তবে তেমনটা হয়নি। সীমিত ওভারে দেখা যায় অন্য এক বাংলাদেশকে। ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেন মাশরাফি বিন মর্তুজা। ২-১ ব্যবধানে সিরিজ জিতিয়ে আত্মবিশ্বাস ফেরান দলে। ওয়ানডে সিরিজে সুযোগ ছিল ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার। তা না হলেও ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস থেকে টি-টোয়েন্টি সিরিজটাও একই ব্যবধানে জিতে নেয় সাকিবের দল।
তাই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরও পরের দুই সিরিজ জিতে সফল এক সফরই শেষ করলো বাংলাদেশ দল। সফল এই সফর শেষ করে অবশ্য ফুরসৎ নেয়ার সময় নেই টাইগারদের। সোমবার বাংলাদেশ সময় সকালে ম্যাচ শেষ করার পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালেই এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে চেপে বসেছে দল।
প্রায় দুইদিনের লম্বা সফর শেষ করে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮ টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে দল। তবে দলের সঙ্গে ফেরেননি ‘পঞ্চপাণ্ডব’ এর কেউই। মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে সিরিজ শেষ করে পরিবার সমেত গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই আরো বেশ কয়েকদিন থেকে মাসের মাঝামাঝিতে তিনি দেশে ফিরবেন।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান পুরো সিরিজ খেলেছেন পরিবারকে সঙ্গে নিয়ে। সিরিজ শেষে তিনি রয়ে গেছেন নিজের শ্বশুরবাড়িতে। সেখানে কাটাবেন বেশ কিছুদিন। ছুটি কাটাতে আমেরিকায় থেকে গেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহীমও। তারা দুইজন দেশে ফিরবেন আগামী রোববার অথবা মঙ্গলবার।
পঞ্চপাণ্ডবের শেষ ব্যক্তি মাহমুদউল্লাহ রিয়াদ সিরিজ শেষে আবারও রওনা হয়েছেন আরেক খেলার উদ্দেশে। এশিয়া কাপের আগপর্যন্ত তিনি খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। দেশে ফেরার আগে তার দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে গ্রুপ পর্বের সব কয়টি ম্যাচ খেলতে পারবেন তিনি।








