নারী দলের জন্য বিদেশি কোচ চায় বিসিবি

1
285

স্পোর্টস ডেস্ক : ভারতীয় অঞ্জু জৈনের পরিবর্তে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ফের বিদেশি কোচ নিয়োগ দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং। ভারতের সাবেক প্রমীলা ক্রিকেটার জৈন সম্প্রতি বারোদা ক্রিকেট এসোসিয়েশনে (বিসিএ) যোগ দিয়েছেন। সেখানে তিনি তাদের সিনিয়র নারী দলকে প্রশিক্ষণ দিবেন।

গত মার্চেই বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় সর্বশেষ অনুষ্ঠিত নারী টি-২০ বিশ্বকাপে দলীয় পারফর্মেন্স খুব একটা আশানুরুপ না হওয়ায় বিসিবি তার সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করতে আগ্রহবোধ করেনি।

তবে আনুষ্ঠানিকভাবে এ কথাও স্বীকার করেনি বিসিবি। তারা শুধু বলেছে যে করোনা মহামারীর কারণে তারা নতুন চুক্তি করেনি।

ভারতের হয়ে দীর্ঘ ১২ বছর উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা জৈন ২০০০ সালের নারী বিশ্বকাপেও দেশটির জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। তিনিও বরোদা ক্রিকেট এসোসিয়েশনের সঙ্গে নিজের চুক্তির বিষয়ে কিছু জানাননি বিসিবিকে।

বোর্ডের নারী উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘মার্চেই তার (জৈন) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তার সঙ্গে চুক্তি নবায়নের কোনো ইচ্ছা আমাদের নেই। আসলে বিশ্বকাপের পর থেকেই আমরা নতুন কোচ খুঁজতে শুরু করেছি। তবে কোভিড-১৯ এর সংক্রমণের কারণে সেটি থমকে যায়।’

বিদেশি কোচের বিষয়কেই প্রাধান্য দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘নারী ক্রিকেট দলের জন্য আমরা সব সময় বিশ্ব মানের কোচের বিষয়ে গুরুত্ব দিয়ে থাকি। এতে তারা আরো এক ধাপ উচ্চতায় পৌঁছাতে পারবে।’

আগামী এক মাসের মধ্যে নতুন কোচ খুঁজে পাবার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এই মুহূর্তে কোচ খুঁজে পাওয়াটা কঠিন। তবে বিষয়টি নিয়ে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি এক মাসের মধ্যেই আমরা নতুন কোচ খুঁজে বের করতে পারব।’

উল্লেখ্য ২০১৮ সালে ইংলিশ কোচ ডেভিড চ্যাপেল এর পরিবর্তিত হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ নিযুক্ত হন জৈন। প্রাথমিক ভাবে তাকে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ করা হয়। পরে এই ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত প্রমীলা টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয় চুক্তির মেয়াদ।

1 COMMENT

Comments are closed.