সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট পাস করল ডিএনসিসি

1
262

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২০-২১ অর্থবছরের জন্য চার হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। একই সঙ্গে গত ২০১৯-২০ অর্থবছরের দুই হাজার ৬০৮ কোটি ৬০ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে মিরপুরে অবস্থিত ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দ্বিতীয় করপোরেশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সংস্থাটির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। বাজেট সভার সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৯৬১ কোটি ৬৫ লাখ টাকা। অন্যান্য আয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। সরকারি অনুদান থেকে আয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। সরকারি বিশেষ অনুদান থেকে ৫০ কোটি টাকা ধরা হয়েছে। আর সরকারি বা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আয় ধরা হয়েছে তিন হাজার ১০ কোটি ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে সংস্থার চলতি অর্থবছরের জন্য আয় ধরা হয়েছে চার হাজার ৫০৬ কোটি ৮৫ লাখ টাকা।

আর রাজস্ব ব্যয় ৬১৯ কোটি ৮৫ লাখ টাকা, অন্যান্য ব্যয় ১৩ কোটি টাকা, আর উন্নয়ন ব্যয়ের মধ্যে উন্নয়ন ব্যয় (নিজস্ব উৎস ও সরকারি অনুদান) ৬৪৯ কোটি ১৫ লাখ, উন্নয়ন ব্যয় (সরকারি বা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প) তিন হাজার ১০ কোটি ৮৫ লাখ টাকা, সমাপনী স্থিতি ধরা হয়েছে ২১৩ কোটি ৯০ লাখ টাকা।

মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গত বছরের চেয়ে ২০ কোটি ৭ লাখ টাকা বাড়ানো হয়েছে। এ খাতে গত অর্থবছরে বরাদ্দ ছিল ৪৯ কোটি ৩০ লাখ টাকা। কিন্তু বরাদ্দ থেকেও ৮ কোটি ৭ লাখ টাকা বেশি অর্থ খরচ করেছে সংস্থাটি। সব মিলিয়ে গত অর্থবছরে মশক নিধন খাতে ৫৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

সংস্থাটির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, মেয়র মো. আতিকুল ইসলাম শিগগিরই এ বাজেট উপস্থাপন করবেন।

1 COMMENT

Comments are closed.