নিলামে বিক্রি হচ্ছে চাঁদ!

0
515

পৃথিবীতে আসা চাঁদের ভাঙা টুকরো। (ছবিসূত্র : নিউ ইয়র্ক পোস্ট)

আন্তর্জাতিক ডেস্ক : বড় ধরনের কোনো খুশির সংবাদ পেলে কিংবা অপ্রত্যাশিতভাবে কিছু হাতে পেলে অনেক সময় মানুষ বিষয়টিকে রূপক অর্থে ‘আকাশের চাঁদ হাতে পাওয়া’র সঙ্গে তুলনা করে থাকেন। তবে এবার সত্যি সত্যি সেই আকাশের সেই চাঁদ হাতে পাওয়ার সুযোগ এসেছে। আর সেই সুযোগটা করে দিয়েছে বোস্টন ভিত্তিক মার্কিন নিলাম সংস্থা ‘আরআর’। অনলাইনে আয়োজিত এক নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে ‘চাঁদ’। খবর এপি।

এ বিষয়ে এক প্রতিবেদনে এপি জানায়, গত বছর চাঁদের একটি ভাঙা অংশ এসে পড়েছিল পৃথিবীর বুকে। মূলত চাঁদের সঙ্গে কোনো ধূমকেতুর সংঘর্ষের ফলে প্রায় সাড়ে ৫ কেজি ওজনের চাঁদের সেই পাথরটি এসে পড়েছিল আফ্রিকার উত্তরাঞ্চলে।

যদিও এর আগে অসংখ্য বার চাঁদের পাথর এসে পড়েছে পৃথিবীর বুকে। পরে তা আবার বিভিন্ন স্থান থেকে খুঁজে পাওয়াও গেছে। তবে এত বড় একটি টুকরোর সন্ধান এর আগে কখনোই পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে নিলামের অংশগ্রহণ করে যে কেউ সর্বোচ্চ দামের মাধ্যমে হাতে পেতে পারেন চাঁদ! আর তাই নিলামে অংশগ্রহণের মাধ্যমে চাঁদের মালিক হওয়ার সুযোগটা কাজে লাগাতে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন নিলাম সংস্থা ‘আরআর’।