ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম পৌঁছেছে কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ। শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউএস বাংলার বিমানে করে ঢাকা থেকে তার মরদেহ নেওয়া হয় চট্টগ্রামে।
চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় আইয়ুব বাচ্চুর মরদেহ নেওয়া হচ্ছে তার নানা বাড়িতে। সেখানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে এলাকার জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে বাদ আছর অনুষ্ঠিত হবে চতুর্থ জানাজা। জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরেই চিরনিদ্রায় শায়িত হবেন উপমহাদেশের অন্যতম সেরা গিটারবাদক আইয়ুব বাচ্চু।
এর আগে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন রুপালী গিটারের শিল্পীকে। পরে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এর পর সেখান থেকে আইয়ুব বাচ্চুর মরদেহ নেওয়া হয় তার প্রিয় স্থান এবি কিচেনে।
এর পর রাজধানীর তেজগাঁও এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের অফিসে নেওয়া হয়। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। পরে আবারও স্কয়ার হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয় কিংবদন্তি এই সংগীত শিল্পীর মরদেহ।








