সিরিয়ায় শিশুসহ ৬ নারীবন্দিকে মুক্তি দিল আইএস

0
422

সিরিয়ায় শিশুসহ ৬ নারী বন্দির মুক্তি। (ছবিসূত্র : আইবি টাইমস ইউকে)

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মুক্তিপণ এবং বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে দেশটির ২৭ ড্রুজ জিম্মির মধ্য থেকে শিশুসহ অন্তত ছয় নারীকে মুক্তি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। চলতি বছরের জুলাইয়ে দেশটির সুইদা প্রদেশে ভয়াবহ এক হামলা চলাকালীন তাদের জিম্মি করে নিয়ে যায় আইএস। শনিবার (২০ অক্টোবর) পর্যবেক্ষণ গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি।

এ বিষয়ে মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের পরিচালক রামি আবদুল রাহমান এএফপিকে বলেন, ‘শুক্রবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে সুইদা প্রদেশ থেকে দুই নারী ও চার শিশুকে মুক্তি দেয় আইএস।’

সে সময় পর্যবেক্ষণ গ্রুপের এ পরিচালক আরও উল্লেখ করেন, ‘ইসলামিক স্টেট আইএস একসঙ্গে ৬০ কারাবন্দির মুক্তি এবং ২ কোটি ৭০ লাখ ডলারের মুক্তিপণের বিনিময়ে সকল ড্রুজ জিম্মিকে মুক্তি দিতে সিরীয় সরকারের সঙ্গে করা একটি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে তাদের মুক্তি দেয়।’

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে সিরিয়ার ড্রুজ কমিউনিটির লোকজনের ওপর করা ভয়াবহ হামলা চলাকালীন সুইদা থেকে অন্তত ৩০ জনকে অপহরণ করে নিয়ে যায় এ জিহাদি জঙ্গি সংগঠনটি। আর তাদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।