স্বাস্থ্যবিধি মেনে আসছে ১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মানববন্ধন করেছে।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে সংগঠনটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ নুরুন নবী বলেন, দীর্ঘদিন ধরে আমরা মানবেতর জীবনযাপন করছি। সহকর্মীরা কেউ কেউ আত্মহত্যার পথ বেঁছে নিতে বাধ্য হচ্ছেন। কেউ পেশা পরিবর্তন করে দিন মজুর, রিকশা চালক, শ্রমিক, রাজমিস্ত্রি, ফুটপাতের ব্যবসায়ী হিসেবে কাজে যোগ দিয়েছে।
তিনি বলেন, লেখাপড়া করে বেকার না থেকে সব উদ্যোক্তা হয়ে দেশের কাজে অংশ নিতে আমরা কার্যক্রম পরিচালনা করছি। আমরা সমাজের ৮ লাখের বেকার যুবকের বেকারত্ব দূর করেছি এবং প্রায় এক হাজার কোটি শিশুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছি। এরপরও আমরা সার্বিকভাবে অবহেলার শিকার হচ্ছি।
দীর্ঘ প্রায় ১৮ মাস আমরা বারবার আশার আলো দেখেছি জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠান খুলবে, আমরা আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছি। সবকিছু খুলে দেওয়া হলেও শুধুমাত্র বন্ধ থাকল শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।









