পাকিস্তানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত

0
375

পাকিস্তানে দুটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত। (ছবিসূত্র : দ্য খালিজ টাইমস)

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দুইটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জনেরও বেশি মানুষ। এ বিষয়ে পৃথক বিবৃতি প্রদানের মাধ্যমে শোক প্রকাশ করেছেন দেশটির নয়া প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রেসিডেন্ট আরিফ আলভী। খবর খালিজ টাইমস।

এ বিষয়ে এক প্রতিবেদনে খালিজ টাইমস জানায়, রবিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় রাতে দেশটির দিরা গাজী খান জেলার মুলতান রোডে হওয়া এ সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১৫ জন। সে সময় একটি বাস পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয় এক চিকিৎসা কর্মকর্তা জানান, ঘটনায় নিহতের সংখ্যা সামনে আরও বৃদ্ধি পেতে পারে কারণ আহত কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। মূলত বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় থানার পুলিশ।

উল্লেখ্য, প্রতি বছর দেশটিতে প্রায় ৯ হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটে আর এ সময় গড়ে সাড়ে চার হাজারের অধিক মানুষ প্রাণ হারান।