ব্যারিস্টার মইনুল হোসেন ও ডা. জাফরুল্লাহ চৌধুরী (ছবি : সম্পাদিত)
নিজস্ব প্রতিবেদক : মানহানির অভিযোগ এনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আপিল আবেদনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হবে আজ। এছাড়া চাঁদাবাজির অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দুই মামলারও শুনানি হবে। দুপুরে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।
এ ব্যাপারে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল রাফি আহমেদ গণমাধ্যমকে জানান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুই-দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আপিল করা হয়।
এর আগে রবিবার (২১ অক্টোবর) ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মানহানির দুই মামলায় ৫ মাসের আগাম জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহি উদ্দিন শামীমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় আয়েশা আহমেদ লিজা নামের এক নারী সাংবাদিক মামলা দায়ের করেন। মামলায় ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
সোমবার (২২ অক্টোবর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতের বিচারক ফারজানা আহমেদ এ পরোয়ানা জারি করেন।বাদী পক্ষের আইনজীবী সারোয়ার-ই-আলম জানান, মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়েছে। ৫০০/৫০১ ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। পরে আদালত মামলাটি আমলে নিয়ে বিকালে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, সোমবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।
এছাড়া আশুলিয়ায় জমি দখলের চেষ্টা, ভাঙচুরের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়। রবিবার (২১ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে জামিন প্রার্থনা করলে তার আগাম জামিন মঞ্জুর করা হয়।
চাঁদাবাজির দুই মামলার পর অনধিকার প্রবেশ, চুরি, ভাঙচুর, ক্ষয়ক্ষতি, হুমকির অভিযোগে রাজধানীর আদাবরের বাসিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী সৈয়দ সেলিম আহমেদ (৬১) বাদী হয়ে আশুলিয়া থানায় অপর একটি মামলা দায়ের করেন।
রাজধানীর আদাবরের বাসিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী সৈয়দ সেলিম আহমেদ (৬১) বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। অনধিকার প্রবেশ, চুরি, ভাঙচুর, ক্ষয়ক্ষতি, হুমকির অভিযোগে মামলাটি দায়ের করা হয়।








