মানববন্ধনে বক্তৃতা দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম (ছবি : দৈনিক অধিকার)
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে ব্যারিস্টার মইনুল হোসেন সমগ্র সাংবাদিক সমাজকে অপমান করেছেন। তাই প্রতিবাদস্বরূপ মইনুলের খবর সংগ্রহ করা থেকে বিরত থাকতে সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এছাড়া সাংবাদিকদের এক দিনের কলম বিরতি পালনেরও আহ্বান জানান তিনি।
বুধবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যারিস্টার মইনুলের বিচারের দাবিতে যুব মহিলা লীগ আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানান তারানা।
এ সময় তিনি বলেন, ‘কোনো কিছু হলেই নারীকে নিয়ে কটূক্তি ও তার চরিত্র হরণ করা হয়। কিন্তু নারীকে দমিয়ে রাখার সময় এখন আর নেই।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন- যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক পারভিন মিশু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা প্রমুখ।








