মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট (ছবি : সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের কথা অনুযায়ী সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় কিনা এ বিষয়ে বিশেষ দৃষ্টি রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বললেন, ‘আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ওপর যুক্তরাষ্ট্র নজর রাখবে।’
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট তার শেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
বিদায়ী এই সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট ও সরকারের মধ্যে হতে যাওয়া সংলাপকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন বার্নিকাট। ঐক্যফ্রন্ট ও সরকারের মধ্যে অনুষ্ঠেয় সংলাপে রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা মনে রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বার্নিকাট বলেন, ‘আসন্ন সংলাপ রাজনীতিতে একটি বড় অর্জন। তবে খেয়াল রাখতে হবে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা সাধারণ মানুষের কথা কতটা গুরুত্ব দিচ্ছেন। একজন ব্যক্তি ও একটি রাজনৈতিক দলের ওপর নির্ভর করে সংলাপ হওয়া উচিত হবে না।’
তিনি বলেন, ‘সরকারের প্রতিজ্ঞা অনুযায়ী সংসদ নির্বাচন সুষ্ঠ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয় কি না, সেদিকে গুরুত্বের সঙ্গে দৃষ্টি রাখবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোনো প্রার্থী, দল কিংবা জোটকে সমর্থন করে না। সমর্থন করে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মূল্যবোধকে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যম, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোকে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রতিটি রাজনৈতিক দলের সেই স্বাধীনতা থাকতে হবে যেখানে তারা গ্রেফতার হওয়ার আতঙ্ক ছাড়াই তাদের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে পারে। তবে সেই কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’
এ দেশের নানা সম্ভাবনার মধ্যে তারুণ্যের সম্ভাবনা সবচেয়ে দৃষ্টি কেড়েছে বলে উল্লেখ করেছেন বার্নিকাট। আবারও বাংলাদেশে আসতে আগ্রহও প্রকাশ করেছেন তিনি।








