ভারত থেকে ২৫ লাখ পাঠ্যবই এলো বাংলাদেশে

0
416

ভারতে ছাপানো প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই। (ছবি : সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য ভারত থেকে ছাপানো প্রায় ২৫ লাখ পাঠ্যবইয়ের প্রথম চালান ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) স্থানীয় সময় রাতে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে অন্তত ২৫টি ট্রাকে করে এসব বই বাংলাদেশে প্রবেশ করেছে।

বন্দরের দুই নম্বর শেডে ভারত থেকে ছাপানো সেসব বই ভারতীয় ট্রাক থেকে বন্দরে এনে রাখা হয়। পরে একইদিন রাত প্রায় সাড়ে ১২টা পর্যন্ত বন্দরে বইগুলো আনলোড করা হয়।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলছেন, ‘বইয়ের আমদানি কারক প্রতিষ্ঠান ঢাকার ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক কর্তৃপক্ষ। আর এর রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের কলকাতার কৃষ্ণা ট্রেডার্স। বইয়ের ঘোষিত আমদানি মূল্য প্রায় সাত লাখ ৫৮ হাজার ৫০০ মার্কিন ডলার। আর এ বইগুলোর ওজন প্রায় ৫০৮ মেট্রিক টন ৩০২ কেজি।’

এদিকে বই সরবরাহের দায়িত্বে নিয়োজিত বেনাপোলের ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী আজিম উদ্দিন গাজী বলছেন, ‘বেনাপোলের এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে সামনে আরও বই আমদানি করা হবে।’

সে সময় ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির এ স্বত্বাধিকারী আরও উল্লেখ করেন, ‘কয়েক দফায় আমদানি করা এসব বই শনিবার (৩ নভেম্বর) বন্দর থেকে খালাস করা শুরু হবে। খালাসের পর এই বই নিয়ে ট্রাকগুলো যাতে খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে, সে জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

উল্লেখ্য, কাস্টমস ও বন্দরের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে বইগুলোকে বন্দর থেকে খালাস দেওয়া হবে। এমনটাই জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।