ক্রীড়া প্রতিবেদক ॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে কুষ্টিয়া পৌরসভা পরিচালিত, কুষ্টিয়া পৌর সুইমিং ক্লাবের আয়োজনে, বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ২০১৮ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কুষ্টিয়া পৌর সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার স্পেশাল জজ ( জেলা ও দায়রা জজ) মোঃ কামরুল হাসান ও কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র-১ আলহাজ্ব মতিয়ার রহমান মজুন। কুষ্টিয়া পৌরসভার মেয়র ও কুষ্টিয়া পৌর সুইমিং ক্লাবের সভাপতি আনোয়ার আলী সভাপতিত্বে অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ শাহিন সরকার ও ড. নিলফা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া পৌর সুইমিং পুলের তত্বাবধায়ক মোঃ রাশিদুজ্জামান খান টুটুল। অনুষ্ঠান শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারী সকলকে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য ২০০৬ সাল হতে কুষ্টিয়া পৌরসভা পরিচালিত, কুষ্টিয়া পৌর সুইমিং ক্লাবের আয়োজনে, পৌর সুইমিং পুলে প্রতি বছর নিয়মিত ৫ থেকে ১২ বছরের শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হয়। এ বছরও ১৬৫ জন শিশু-কিশোরকে সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।








