গোবরা টু রাজশাহী আন্তঃনগর ট্রেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রা শুরু

0
1066

নিজস্ব প্রতিবেদক : টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে গতকাল থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নতুন ট্রেনের উদ্বোধন করলেও গতকাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই ট্রেনটি। গতকাল শুক্রবার সকাল ৭টায় গোপালগঞ্জ জেলার গোবরা ষ্টেশন থেকে ট্রেনটির যাত্রা শুরু করে। প্রথম দিন যাত্রা শুরুর পর থেকে ট্রেনটি বিলম্বে চলে। মুলতঃ নতুন রুটের ট্রেনটি প্রথম দিনে বিলম্বে যাতায়াত করে। কুষ্টিয়ায় সকাল ১০টা ২৬মিনিটে পৌছানোর কথা থাকলেও ট্রেনটি পৌনে ১২টার দিকে কুষ্টিয়া পৌছে পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রথম দিনের যাত্রায় ট্রেনে যাত্রী ছিল একেবারেই কম। মানুষের মাঝে এই গাড়িটির খবর না থাকায় এমনটি হয়েছে বলে অনেকে মনে করছেন। গতকাল সকালে কুষ্টিয়া কোর্ট ষ্টেশনে অনেক মানুষের ভিড় ছিল এই নতুন ট্রেনটি দেখতে। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর জেলার মানুষের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। ট্রেনে যাত্রী কম ছিল। আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জের গোবরা ষ্টেশন টু রাজশাহী। প্রতিদিন সকাল ৭টায় গোবরা ষ্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। পথিমধ্যে গোপালগঞ্জ ষ্টেশন, ছোট বাহিরবাগ ষ্টেশন, কাশিয়ানি ষ্টেশন, বোয়ালমারী ষ্টেশন, মধুখালী ষ্টেশন, কালুখালী ষ্টেশন, কুমারখালী ষ্টেশন এবং কুষ্টিয়ায় থামবে। গোবরা ষ্টেশন থেকে রাজশাহী পর্যন্ত টিকিট ভাড়া ২৮০ টাকা। কুষ্টিয়া থেকে গোবরা ১৪৫টাকা এবং রাজশাহীর ভাড়া ১৩৫টাকা । ১০টি বগিতে সজ্জিত এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেনী, শোভন এবং চেয়ার কোচ রয়েছে। ট্রেনটি সকাল ৭টায় গোবরা থেকে ছেড়ে ১০টা ২৬মিনিটে কুষ্টিয়ায় পৌছবে এবং ১০টা ২৯মিনিটে ট্রেনটি রাজশাহী অভিমুখে ছেড়ে যাবে। বিকেল ৪টায় রাজশাহী থেকে ছেড়ে এই ট্রেনটি সন্ধা ৬টা ৮মিনিটে কুষ্টিয়া কোর্ট ষ্টেশনে থামবে এবং ৬টা ১২মিনিটে গোবরা অভিমুখে ছেড়ে যাবে। এই আন্তঃনগর ট্রেনটি প্রতি সোমবার রাজশাহী থেকে এবং প্রতি মঙ্গলবার গোবরা থেকে বন্ধ থাকিবে।

আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়াতে সর্বত্র ব্যাপক সাড়া ফেলেছে। গোপালগঞ্জ এবং দক্ষিনাঞ্চলের সাথে দেশের উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগে এই ট্রেনটি মাইল ফলক হিসেবে কাজ করবে। এত দিন এই অঞ্চলের মানুষেরা ভাটিয়াপাড়া ট্রেন অথবা বাসের উপর নির্ভর করে রাজশাহী এবং রংপুর বিভাগীয় এলাকায় যাতায়াত করতো। কিন্তু এই ট্রেনটি চালু হওয়াতে সরাসরি রাজশাহীর সাথে গোপালগঞ্জ এর যোগাযোগের পাশাপাশি খুলনা, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত ট্রেনে যাতায়াতে সহজতর হবে। কুষ্টিয়া থেকে গোবরা পর্যন্ত যেসব ষ্টেশনে এই ট্রেনটি থামবে সেই ষ্টেশনের বাড়া নিম্নরূপ- শোভন শ্রেনী কুষ্টিয়া থেকে রাজশাহী ১৩৫টাকা, কুমারখালী ৩৫ টাকা, কালুখালী ৪৫টাকা, মধুখালী ৭৫টাকা, বোয়ালমারী ৯০টাকা, কাশিয়ানী ১১০টাকা, ছোট বারিবাগ ১২৫টাকা, গোপালগঞ্জ ১৩৫টাকা এবং গোবরা ১৪৫টাকা। শোভন চেয়ার কোচ কুমারখালী ৫০ টাকা, কালুখালী ৫০টাকা, মধুখালী ৯০টাকা, বোয়ালমারী ১১০ টাকা, কাশিয়ানী ১৩০টাকা, ছোট বাহিরবাগ ১৪৫টাকা, গোপালগঞ্জ ১৬০টাকা এবং গোবরা ১৭৫টাকা।