কান্নায় সিক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম (ছবি : সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক : বিএনপির সদ্যপ্রয়াত নেতা তরিকুল ইসলামের লাশের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাঁদতে কাঁদতে বললেন, ‘তরিকুল ভাই এভাবে চলে যাবেন, মেনে নিতে পারছি না। আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না, ভাই নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান এবং তিনি ছিলেন জাতীয়তা দর্শনের আপাদমস্তক একজন নেতা।’
রবিবার (৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে হাসপাতালে এভাবেই ভেঙে পড়েন মির্জা ফখরুল।
প্রয়াত নেতাকে দেখতে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘তরিকুল ভাই আমাদের নেতা ছিলেন। ৫০ বছর এক সাথে আমরা। মজলুম জননেতা তরিকুল ভাই আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন।’
সন্ধ্যা ৭টায় তরিকুল ইসলামের মরদেহ তার শান্তিনগরের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদনের পর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে পরিবারের সদস্যরা জানান।








