জাতীয় ঐক্যফ্রন্ট। (ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (৬ নভেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা অনুষ্ঠিত হবে। আজকের এই জনসভা থেকে দলের ভবিষ্যত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ অক্টোবর) বিকালে ইসির সঙ্গে বৈঠক শেষে রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের মুখপাত্র এসব কথা জানান।
সংলাপের সময় কর্মসূচিতে সংলাপের আবহ নষ্ট হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংলাপের পরিবেশ যাতে নষ্ট না হয় সেভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। বৈঠকে ৭ তারিখের সংলাপের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সে বিষয়গুলো আগামীকাল (আজ) স্পষ্ট করা হবে।’
কাদের সিদ্দিকীকে অভিনন্দন জানিয়ে ফখরুল বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার দল ঐক্যফ্রন্টে যোগদান করেছেন। আমরা তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি এবং তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
অন্যদিকে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যফ্রন্টের প্রতিনিধি একটি দল। সেখানে দলটির শীর্ষ নেতা আ স ম রব ইসিকে সংলাপের ফল না জেনে নির্বাচনের তফসিল ঘোষণা করতে মানা করেন।
এ ব্যাপারে ঐক্যফ্রন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।’








