আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে ঐক্যফ্রন্টের ১১ জন

0
364

জাতীয় ঐক্যফ্রন্ট (ছবি : সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পূর্বে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ বুধবার (৭ নভেম্বর) সকাল ১১টায় গণভবনে আয়োজিত এই সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের ১১ সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা বৈঠকে বসে সংলাপের বিষয়বস্তু নির্ধারণ করেছেন।

গণফোরামের সভাপতি ড. কামাল ‌হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহ‌মদ, গণফেরামের মহাসচিব মোস্তফা মহ‌সিন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত ‌চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মা‌লেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

এর আগে ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সংঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলীয় জোটের সংলাপের মাধ্যমে শুরু হয় আলোচনা। প্রথম সংলাপে ঐক্যফ্রন্টের ২০ নেতা এবং আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ জন নেতা উপস্থিত ছিলেন। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার সেই সংলাপে আশানুরূপ ফলাফল আসেনি।

সংলাপ থেকে বেরিয়ে ঐক্যফ্রন্ট নেতারা জানান, তারা এ সংলাপে সন্তষ্ট নয়। যদিও ক্ষমতাসীন দলের নেতারা দাবি করেন, সংলাপ ফলপ্রসূ হয়েছে। প্রথম দফা সংলাপে গুরুত্বপূর্ণ দাবি মেনে না নেয়ায় ফের স্বল্প পরিসরে সংলাপের সময় চেয়ে রবিবার প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠান ড. কামাল হোসেন। এর পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) সকাল ১১টায় সংলাপের সময় দেন প্রধানমন্ত্রী।