বিএনপির হাল ধরবেন কি? কারাবন্দি খালেদা, লন্ডনে তারেক : রাজনীতিতে আসছেন স্ত্রী জোবাইদা

0
492

বিএনপিতে আসছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান (ছবি : সম্পাদিত)

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তবে দলটি এমন সময়ে নির্বাচনের সিদ্ধান্ত নিল যখন দলের নেত্রী চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন লন্ডনে। এমন পরিস্থিতিতে দলের হাল ধরতে রাজনীতিতে আসছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তাকে দলের প্রাথমিক সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

শিগগিরই দেশেও ফিরতে পারেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। নির্বাচন উপলক্ষে দেশে ফিরছেন তিনি। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রচারণায় জিয়ার পরিবারের মুখ হিসেবে অংশ নেবেন তিনি। বিএনপিরও একটি অংশ চাচ্ছেন জোবায়দা রহমান দেশে ফিরুক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন; এমন আলোচনা দলের ভেতরে-বাইরে দীর্ঘদিনের। দলের নীতিনির্ধারকদের একটি অংশও খালেদা জিয়া ও তারেক রহমানের অবর্তমানে ডা. জোবায়দাকে দেশে ফেরাতে আগ্রহী। তারা চান, দুই শীর্ষ নেতার অবর্তমানে জিয়া পরিবারের প্রতিনিধি হিসেবে জোবাইদা সক্রিয় হবেন।

একাধিক নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা যায়। সূত্র জানিয়েছে, সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ কয়েক নেতার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে হাইকোর্ট নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়ার পর সাজাপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতৃত্ব হারাচ্ছেন? এর পরও বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়া পরিবারের কাউকে দলের নেতৃত্ব রাখতে চাইছেন। এ জন্য সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত জোবায়দা রহমানকে প্রাথমিক সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত হয়। জোবায়দা রহমানকে দলের নেতৃত্বে আনা হলেও দল চালাবেন তারেক রহমানই।

জানা গেছে, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায় জোবায়দা রহমানকে দলের দায়িত্বে আনতে তারেক রহমানের কাছে বার্তা পাঠিয়েছেন।

দলটির একজন ভাইস চেয়ারম্যান বলেন, জোবায়দা রহমান তো আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যানের স্ত্রী। তাই আমরা মনে করি তিনি যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে দেশে আসতেই পারেন। জোবায়দা রহমান তো জিয়া পরিবারেরই একজন সদস্য। তিনি তো বাংলাদেশেরই নাগরিক। প্রয়োজনে তিনি যেকোনো সময়ই দেশে আসতে পারেন। আর তার রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে তার পরিবার। দলীয় প্রয়োজনে তিনি রাজনীতিতে আসতে চাইলে আমরা তাকে স্বাগতম জানাব।

এ দিকে লন্ডনের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। তিনি সিদ্ধান্ত জানালে দু-একদিনের মধ্যে জোবায়দা রহমানকে সদস্যপদ দেওয়া হবে।

সূত্রমতে, তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এ জন্য জোবায়দা রহমান দেশে আসতে পারবেন কি না তা নিশ্চিত নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টে মধ্যকার সংলাপেও বিএনপির গঠনতন্ত্র সংশোধন নিয়ে কথা তুলেছেন ক্ষমতাসীন দলের নেতারা। সংলাপে অংশ নেওয়া নেতারা জানান, বিএনপি কেন গঠনতন্ত্র সংশোধন করে খালেদা জিয়া ও তারেক রহমানকে রক্ষা করতে চাইল এ বিষয়টি সংলাপে উত্থাপন করেন ১৪ দলের নেতারা।

এর জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি তো আমাদের ২০১৬ সালের ১৯ মার্চের কাউন্সিলের সিদ্ধান্ত। সম্প্রতি তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। আর গঠনতন্ত্র তো আমাদের মতো চলবে। এ নিয়ে কথা উঠবে কেন?

এ নিয়ে বিএনপির একাধিক নেতার সঙ্গে আলোচনা হয় এ প্রতিবেদকের। নেতাদের ভাষ্য খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি তাদের আবেগ থাকলেও বাস্তবতা ভিন্ন। হাইকোর্টের আদেশ নির্বাচন কমিশন বাস্তবায়ন করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপাতত দলটির নেতৃত্বে থাকতে পারবেন না। কারণ আগের গঠনতন্ত্র অনুযায়ী দুর্নীতির মামলায় দণ্ডিত কেউ বিএনপির নেতা হতে পারবে না। একই সঙ্গে বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার অযোগ্য হবেন।

এ দিকে আলোচনায় রয়েছেন খালেদা জিয়ার আরেক পূত্রবধূ আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিও। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটির হাই কমান্ড।

এর আগে একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী নির্বাচনে দলকে টেনে নেয়ার মতো নেতৃত্ব থাকলেও ভোটের মাঠে সেটা ফলপ্রসূ নাও হতে পারে। এমন পরিস্থিতিতে দলের ভেতরে-বাইরে আলোচনায় আছেন জিয়ার দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তাদের মধ্যে যে কেউ দলের হাল ধরতে পারেন।