শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের নেত্রী অং সান সু চি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। (ছবি : সম্পাদিত)
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর করা বর্বর নির্যাতনকে সমর্থন করার অভিযোগে দেশটির শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সু চির তীব্র সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার (১৩ নভেম্বর) সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার এবং সু চির ভূমিকা’ শীর্ষক এক বক্তৃতায় তিনি এ সমালোচনা করেন। খবর দ্য স্টার অনলাইন।
মাহাথিরের বক্তৃতার উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে দ্য স্টার অনলাইন জানায়, দেশটির সেনাবাহিনীর এই অমার্জনীয় নিষ্ঠুরতার বিষয়ে শান্তিতে নোবেল জয়ী নেত্রী সু চি বারংবার আত্মপক্ষ সমর্থন করেছেন।
সেখানে মাহাথির মোহাম্মদ বলেন, ‘তারা আসলে এই মুসলিম জনগোষ্ঠীর ওপর অত্যাচার এবং নির্যাতন চালিয়ে আসছে। তাদের হত্যা করছে এমনকি গণহত্যাও চালিয়েছে। সু চি কখনোই এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ না করে বরং তাদের অনৈতিকতাকেই সমর্থন করেছেন।’
চলতি বছরের আগস্টে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে সুস্পষ্ট জাতিগত নিধন এবং গণহত্যার প্রমাণ পাওয়া যায়। তারা রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় সাত লাখের বেশি রোহিঙ্গাকে পালিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করেছে। যদিও দেশটির সেনাবাহিনী এবং সেখানকার সরকার বারংবার এ অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করে আসছে।
উল্লেখ্য, শান্তিতে নোবেল জয়ী নেত্রী সু চি এর আগে বলেছেন যে, ‘আমার বেসামরিক সরকার এই সংকটের দায় কখনোই নেবে না। কারণ সাংবিধানিকভাবেই এ দেশের সেনাবাহিনীকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে।’








