নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় সাকিব নামের দুই বছরের শিশুর মরদেহ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে কচুরিপানা ভর্তি ডোবার মধ্য থেকে ভাসমান এ লাশ উদ্ধার করা হয়। সাকিব কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া আস্তানগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১১ নভেম্বর সকালে শিশু সাকিব তার বাড়ির পাশে খেলা করছিলো। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকালে পাশ্ববর্তী ঐ ডোবাতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে যেয়ে শিশুটির লাশ উদ্ধার করে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কেউ বাচ্চাটিকে শ্বাসরোধ করে হত্যা করে পানিতে ফেলে দিতে পারে।








