পাঁচ বছর পর ফ্রান্সকে হারাল নেদারল্যান্ডস

0
380

ছবি : গোল ডট কম

স্পোর্টস ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়েছে নেদারল্যান্ডস। উয়েফা নেশন্স লিগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল ডাচরা। নিজেদের মাঠে শুক্রবার রাতে ‘এ’ লিগে গ্রুপ-১-এর দ্বিতীয় লেগে ২-০ গোলে জেতে তারা। দারুণ এ জয়ে ফ্রান্স বস দিদিয়ের দেশমের দলের টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার গর্বও চূর্ণ করল ডাচরা। ২০০৮ সালের ইউরোতে ফ্রান্সকে ৪-১ গোলে হারানোর পর টানা শেষ পাঁচ ম্যাচ ফরাসিদের কাছে হেরেছিল তারা।

শুরু থেকে শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ, আক্রমণে ফ্রান্সের ওপর আধিপত্য করল নেদারল্যান্ডস। প্রথমার্ধে জর্জিনিয়ো ভিনালডাম দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্পট কিকে ব্যবধান বাড়ালেন মেমফিস ডিপাই। এর আগে প্রথম লেগে ফ্রান্সের মাঠে ২-১ গোলে হেরেছিল রাশিয়া বিশ্বকাপের বাছাই পেরুতে ব্যর্থ হওয়া দলটি।

ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ পায় নেদারল্যান্ডস। ফ্রান্স গোলরক্ষক হুগো লরিসের ঝোলকে বেঁচে যায় তারা।

শুরু থেকে ফ্রান্সকে চাপে রাখা নেদারল্যান্ডস ৪৪তম মিনিটে কাঙিক্ষত গোলের দেখা পায়। বাঁ দিক থেকে আসা একটি ক্রস ফ্রান্সের স্তেফান জঞ্জি হেডে ফেরাতে গেলে বল চলে যায় রায়ান বাবেলের পায়ে। তার ( বাবেলের) শটটি লরিস ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন তিনি।

১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে শেষের দিকে যোগ করা সময়ে ডি জংকে সিসোকো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডিপাইয়ের শট ঠিকানা খুঁজে পেলে ফরাসিদের হার নিশ্চিত হয়ে যায়।

‘এ’ লিগে গ্রুপ-১-এর দ্বিতীয় লেগে হারলেও ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।