শ্রীলঙ্কার পার্লামেন্টে লঙ্কাকাণ্ড : এমপিদের দখলে স্পিকারের গদি

0
350

শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট সিরিসেনা সমর্থিত এমপিদের হট্টগোল। (ছবিসূত্র : আল-জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার দেশটির পার্লামেন্টে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। শুক্রবার (১৬ নভেম্বর) দ্বিতীয় দিনের সংসদ অধিবেশনে পার্লামেন্টে ব্যাপক হট্টগোল করেন প্রেসিডেন্ট সিরিসেনা সমর্থিত ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) জোটের আইন প্রণেতারা। খবর আল-জাজিরা।

দেশটিতে পার্লামেন্টে করা এ হট্টগোলের বিষয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, প্রেসিডেন্টের উপস্থিতিতেই স্পিকারের চেয়ার দখল করে নেন তার দলের আইন প্রণেতারা। শুধু তাই নয়, সে সময় বরখাস্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্সের এমপিদের ওপর ছোঁড়া হয় মরিচের গুঁড়া মিশ্রিত পানিসহ আরও অসংখ্য বই। ভেঙে ফেলা হয় পার্লামেন্টের চেয়ার-টেবিল।

এ ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েকজন এমপি। পরে পার্লামেন্টের জরুরি চিকিৎসা কেন্দ্রে তাদের চিকিৎসা দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, শুক্রবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় অধিবেশন শুরুর আগে পার্লামেন্টে প্রবেশের সময় এমপিদের শরীর তল্লাশি করা হয়। কারণ আগের দিন বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ছুরি নিয়ে পার্লামেন্টে প্রবেশ করেন বিক্রমাসিংহের ইউএনএফএ জোটের দুই এমপি। আর এরপরই হট্টগোল শুরু করেন সিরিসেনা ও রাজাপাকসে সমর্থিত এমপিরা।

উল্লেখ্য, আগের দিনও ঠিক একইভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ‘দুই প্রধানমন্ত্রী’র এমপিরা। আগের দিনের মত এদিন দফায় দফায় এমপিদের মধ্যে মারামারি এবং ঘুষাঘুষির ঘটনা ঘটে। সে সময় আহত এক এমপিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।