গাংনীর সীমান্তবর্তি খাসমহল গ্রামে মহিলার লাশ উদ্ধার – স্বামী আটক

0
424

জেলা প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সীমান্তবর্তি খাসমহল গ্রামের মাঠের একটি পুকুর পাড় থেকে জাহান্নারা খাতুন (৪২) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। জাহান্নারা খাসমহল গ্রামের রেজাউল হকের স্ত্রী ও একই গ্রামের আহম্মদ আলীর মেয়ে। এ ঘটনায় তার স্বামী রেজাউল হককে আটক করেছে গাংনী থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালের দিকে গাংনী থানা পুলিশের একটিদল জাহান্নারা খাতুনের লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, ৩ সন্তানের জননী জাহান্নারা খাতুনের সাথে স্বামী রেজাউল হকের সাংসারিক কাজ-কর্ম নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। আগের দিন বৃহস্পতিবার বিকেলে জাহান্নারা খাতুনের সাথে স্বামী রেজাউল হকের ঝগড়াও হয়েছিল। এ কারণে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে জাহান্নারা তার বাবার বাড়িতে চলে যায়। গতকাল শুক্রবার সকালে গ্রামের ধলার বিল নামক মাঠের একটি পুকুরপাড়ে স্থানীয় কৃষকরা জাহান্নারার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্থানীয় কয়েকজন জানান- জাহান্নারার পরকীয়া প্রেমের সন্দেহে স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণেই হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাহান্নারা খাতুনের বড় ছেলে মিলন হোসেন জানান- রাতে আমার মা নানার বাড়িতে ছিল। আমার বাবাই তাকে মোবাইলফোনের মাধ্যমে ডেকে নিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, জাহান্নারা খাতুনের মুখে ও চোখে রক্তের দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে-শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ভাবে জাহান্নার স্বামী রেজাউল হককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে গতকালই বিকেলে তার বাবার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে ।