মায়ের খুনি বাবার কাছে দুই সন্তান?

0
466

বামে নিখোঁজ দুই সন্তান ও স্বামী রফিকুল, ডানে নিহত স্ত্রী (ছবি : সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ লিপি আক্তার হত্যার প্রায় দুই মাস হলেও উদ্ধার হয়নি তার নিখোঁজ দুই সন্তান। ঘটনার পর থেকে নিহতের ছোট সন্তান রাকিব (৯) ও বড় ছেলে শাকিব (১২) নিখোঁজ রয়েছে।

এ দিকে নিহতের ছোট বোন শাহীনুর অভিযোগ করেন, চলতি মাসের ১৮ নভেম্বর তার বোনের হত্যাকারী স্বামী রফিকুল তাকে ফোন কলে বলেন, যদি তোর ভাই বা অন্য কেউ আমার বিরুদ্ধে মামলা করিস। তাহলে তোদের দুই ভাগিনাকে হত্যা করে উল্টো তোদের বিরুদ্ধেই আমি হত্যা মামলা করে দেব।’

অপরদিকে নিহতের ভাই শাহ আলম মিয়া জানান, ঘটনার দিন রাতে লিপিকে বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে তার স্বামী রফিকুল। পরে প্রতিবেশী নারীরা তার মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হন। এর ফাঁকে রফিকুল দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। মামলা না করতে হুমকি দেওয়া হচ্ছে।

পুলিশের এসআই নাসির বলেন, নিহতের গলায় কালো দাগ ছিল। ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী রফিকুল ইসলাম তার দুই সন্তান নিয়ে পলাতক রয়েছেন।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে তার নিখোঁজ দুই সন্তানকে খুঁজে বের করা হবে।

প্রসঙ্গত, প্রায় ১৫ বছর আগে নরসিংদী জেলার মাধবদী থানাধীন শিমুলের এলাকার আবুল কাসেমের মেয়ের সঙ্গে আড়াইহাজারের চৈতনকান্দা পূর্বপাড়া এলাকার প্রয়াত সামছুল হকের ছেলে রফিকুলের বিয়ে হয়। তবে গোপনে রফিকুল নারায়ণঞ্জের সোনারগাঁও এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। চলতি বছরের ২ অক্টোবর স্থানীয় চৈতনকান্দা পূর্বপাড়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।