ম্যাজিস্ট্রেটদের বেআইনি কাজে ছাড় নয় : ইসি

0
396

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম (ছবি :সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন,’ম্যাজিস্ট্রেটদের বেআইনি কাজ, নির্লিপ্ততা অনাগ্রহ অনীহা নির্বাচন কমিশন থেকে ক্লোজলি মনিটর করা হবে। কোনোভাবে যদি পরিলক্ষিত হয় যে, কেউ ইচ্ছেকৃতভাবে কোনো কিছু করেছেন তাহলে ছাড় পাবেন না।’

সোমবার (২৬ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিং এ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনকালে দায়িত্বপালনে ম্যাজিস্ট্রেটরা ব্যর্থ হলে নির্বাচন কমিশন বিব্রত হবে। আমরা তা চাই না। দেশ ও জাতির জন্য আইন ও ম্যাজিস্ট্রেটদের জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন। তবেই গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচন সম্ভব। যদিও আমরা জানি এটা আপনাদের জন্য খুব টাফ সিচ্যুয়েশন।’

ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের বিভিন্নভাবে আক্রান্ত করার চেষ্টা চলবে। অমুক দল বলবে অমুক দল বাধা দিচ্ছে। এ ক্ষেত্রে সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন। যে পরিস্থিতির মধ্যেই কাজ করেন না কেন আইন সমুন্নত রেখে দায়িত্ব পালন করলে কোনো সমস্যা হবে না। এ জন্য কমিশন আইনানুগ সহযোগিতা করবে, পেছনে থাকবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘আপনারা আচরণ বিধি প্রয়োগ করবেন। লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখবেন। নির্বাচন কমিশন কর্তৃক আচরণ বিধিতে স্পষ্ট রয়েছে কি করা যাবে আর কি করা যাবে না। নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, নির্বাচনী প্রচার। ৬ থেকে ১৪ পর্যন্ত আচরণ বিধিতে স্পষ্ট। আপনারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবেন। সমআচরণ বিধির মাধ্যমে সমসুযোগ সুবিধা নিশ্চিত করা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।’

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি কে এম নূরুল হুদা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার,কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী(অব:) ও নির্বাচনী প্রশিক্ষন ইন্সটিটিউটেরর মহাপরিচালক মোস্তফা ফারুক।