অনুপ্রবেশের দায়ে ইউক্রেনের তিন জাহাজ জব্দ করল রাশিয়া

0
341

ক্রিমিয়া উপদ্বীপ থেকে ইউক্রেনের জাহাজ জব্দ করছে রাশিয়া। (ছবিসূত্র : ডি ডব্লিউ)

আন্তর্জাতিক ডেস্ক : রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপে অনুপ্রবেশের অভিযোগে ইউক্রেন নৌবাহিনীর টহলরত তিনটি জাহাজ জব্দ করেছে রাশিয়া। এ ঘটনায় আহত হয়েছেন ইউক্রেনের অন্তত ৬ কর্মকর্তা। ফলে দুই দেশের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের জাহাজ অবৈধভাবে রাশিয়া সীমান্তে প্রবেশের পরেই এ সংকটের শুরু হয়। এমনটাই অভিযোগ করছে রুশ নৌবাহিনী। তবে এক্ষেত্রে দুটি দেশই একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট পেদ্রো পোরোশেংকো বলছেন, ‘রাশিয়ার এই আচরণ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং তারা বিনা উসকানিতে উন্মত্ত। এর প্রতিক্রিয়ায় আমি সোমবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত পার্লামেন্ট অধিবেশনে সামরিক আইন জারির আহ্বান জানাব।’

এ দিকে ইউক্রেন কর্মকর্তারা তাদের ৬ জন নাবিকের আহতের কথা জানালেও রুশ নৌবাহিনী এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করছে। রাশিয়ার দাবি, ‘এ ঘটনায় ইউক্রেনের তিন জন নাবিক আহত হয়েছেন।’

উল্লেখ্য, বিগত কয়েক মাস যাবত দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। বিশেষ করে কৃষ্ণ সাগরে এবং ক্রিমিয়া উপকূলের আজোভ সাগর ইস্যুতে এমন পরিস্থিতি তৈরি হয়।