ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল বৈঠক (ছবি : সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক : জোটের নির্বাচনী ইশতেহারসহ জাতীয় নির্বাচনের একাধিক বিষয় নিয়ে বৈঠক করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঐক্যফ্রন্টের দলগুলোর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে বৈঠক শেষে জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল।
অসুস্থতার কারণে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন নির্বাচন করবেন না বলেও সাংবাদিকদের জানান তিনি।
মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের বাসায় বৈঠক শেষে মির্জা ফখরুল এ কথা জানান।
ঐক্যফ্রন্টের মুখপাত্র আরও জানান, জোটগতভাবে নয়, আপাতত দলীয়ভাবে মনোনয়ন জমা দেবেন ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের প্রার্থীরা। পরে আলোচনা সাপেক্ষে জোটের প্রার্থী চূড়ান্ত করে বাকিদের প্রার্থীতা প্রত্যাহার করা হবে।
এছাড়া আসন বণ্টন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলোর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এ দিকে বৈঠক শেষে গণফোরাম নেতা মোস্তফা মোহসিন মন্টু বলেন, জোটের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা হয়েছে। ইশতেহারে দলগুলোর যাতে সামঞ্জস্য থাকে সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ইভিএম নিয়ে এত কথা বলার পরেও কমিশন বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি রাখেনি, এটা দুঃখজনক। কমিশনের একজনের আত্মীয় নির্বাচন করছে, যা সন্দেহের উদ্রেক করছে।








