নির্বাচন নিয়ে মন্তব্যের সুযোগ নেই : ইউরোপীয় পার্লামেন্ট

0
372

একাদশ জাতীয় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ইপির কোনো সদস্যের মন্তব্য করার কোনো সুযোগ নেই বলে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে জানালো ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইপি। নির্বাচন সংক্রান্ত কোনো প্রক্রিয়া এমনকি নির্বাচন পরবর্তী ফলাফল নিয়েও তারা কোনো প্রকার মন্তব্য করবে না।

পূর্বেই জানানো হয়েছিল, জাতীয় নির্বাচনে ইপি কোনো পর্যবেক্ষক পাঠাবে না। মঙ্গলবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিক এক ঘোষণার মাধ্যমে এটি তারা আবার নিশ্চিত করলো।

ইপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোনো পার্লামেন্ট সদস্যের এ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ইপির অথবা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিত্ব করে না।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের দুই বিশেষজ্ঞ ঢাকায় এসেছেন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে তারা অবস্থান করবেন।

এর আগে অক্টোবর মাসে ইপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ হবে বলে আমরা প্রত্যাশা করছি বলে সেসময় মন্তব্য করেছিলেন ইইউর সংসদীয় প্রতিনিধি দলের নেতা রূপার্ট ম্যাথ্যুস।