বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম
ভোলা প্রতিনিধি : বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৬) গুরুতর অসুস্থ অবস্থায় গত ৩ দিন ধরে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আজ (৩ নভেম্বর) সোমবার বিকাল থেকে তার অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বীরমাতা মালেকা বেগমের ফুসফুসে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকজনিত রোগে ভুগছিলেন। তিনদিন ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের পর তিনি কিছুটা সুস্থবোধ করছেন বলে জানিয়েছে বীরশ্রেষ্ঠ পরিবার।
তারা আরও জানান, চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে তাকে বাড়ি নিয়ে যাবেন। এজন্য সকলের দোয়া চেয়েছে তার পরিবার।
বীরশ্রেষ্ঠের বড় ভাইয়ের ছেলে অধ্যক্ষ সেলিম আহমেদ জানান, গত শনিবার দুপুরে হঠাৎ করেই গা কাপন ধরে বীরমাতার। এ সময় চোখ দিয়েও অঝরে পানি পড়ে। পারিবারিক চিকিৎসকের পরামর্শে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ইসিজি, সিবিসি সহ নানা পরীক্ষা-নিরাক্ষা করানো হয়। ৩ দিন পর্যবেক্ষণের পর তার অবস্থা অনেক ভালো।
স্বাধীনতা যুদ্ধের মৃত্যুঞ্জয়ী সৈনিক বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মুক্তিযুদ্ধের সময় পাকসেনাদের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। তার অসাধারণ বীরত্বের জন্য বীরশ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করা হয়। তার গ্রামের বাড়ি ভোলা সদরের আলী নগর এর মৌটুপি গ্রামে। তার পিতা ছিলেন- মৃত হাবিলদার মো. হাবিবুর রহমান। পরিবারের ৬ সদস্য হারিয়ে আজো বেঁচে আছেন বীরমাতা মালেকা বেগম।









