নিউ ক্যালিডোনিয়ায় ভূমিকম্পের পর বিধ্বংসী হয়ে আসছে সুনামি

0
388

ফ্রান্সের নিউ ক্যালিডোনিয়ায় ভূমিকম্পের পর আসছে সুনামি। (ছবি : প্রতীকী)

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের টেরিটরিতে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপপুঞ্জ নিউ ক্যালিডোনিয়ায় আঘাত হেনেছে একটি শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। এতে অঞ্চলটির প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে নিউ ক্যালিডোনিয়ার লয়ালটি দ্বীপের ছোট শহর টাডিন থেকে প্রায় ১৬৮ দশমিক ২ কিলোমিটার দূরে ভূকম্পনটি আঘাত হানে। এ ঘটনার পর নিউ ক্যালিডোনিয়াসহ মোট ৮০টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত নিকটবর্তী ভানুয়াতু অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। ভানুয়াতুর বর্তমান জনসংখ্যা প্রায় দুই লাখ ৭০ হাজারের বেশি।

এ দিকে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, এ ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যার অর্থ হচ্ছে এর ফলে অঞ্চলটিতে ‘বিপজ্জনক সুনামি ঢেউ’ সৃষ্টি হতে পারে।

অপরদিকে ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন সতর্ক করে দিয়ে বলেছে, নিউ ক্যালিডোনিয়া এবং ভানুয়াতুর কিছু উপকূলীয় এলাকায় ১ থেকে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে।

উল্লেখ্য, শক্তিশালী এ ভূমিকম্পের ফলে নিউ ক্যালিডোনিয়া থেকে প্রায় এক হাজার ৩৫৪ কিলোমিটার দূরে অবস্থিত ফিজিতেও এ সুনামির সতর্কতা জারি করা হয়। সেখানেও প্রায় এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে ইউএসজিএস।