বাঁ থেকে এইচ এম এরশাদ, বেগম খালেদা জিয়া ও কাদের সিদ্দিকী। (ছবি : সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে শুনানিতে অংশ নিবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, বঙ্গবীর কাদের সিদ্দিকী, হুসেইন মুহম্মদ এরশাদ ও এবং বিএনপি নেতা মির্জা আব্বাস।
শনিবার (০৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) শুনানির পর জানা যাবে তাদের প্রার্থিতা বৈধ হবে কি না।
৫৪৩টি আপিল আবেদনের মধ্যে বৃহস্পতি ও শুক্রবার (৬ ও ৭ ডিসেম্বর) মোট ৩১০টির শুনানি হয়েছে। শনিবার ২৩৩ আবেদনের শুনানি করবে হবে। এক্ষেত্রে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসন খালেদা জিয়া, টাঙ্গাইল-৪ ও ৮ আসনের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ঢাকা-৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-১৭ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদাকে নিয়ে শুনানি করবে ইসি।
এদের মধ্যে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া, ও বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন করেছেন।
অন্যদিকে মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিলের জন্য আবেদন করেছে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। আর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছেন সাব্বির আহম্মেদ নামে প্রগতিশীল গণতান্ত্রিক দলের এক প্রার্থী।
খালেদা জিয়ার মনোনয়নপত্র মামলায় দুই বছরের অধিক সাজাপ্রাপ্ত হওয়ার কারণ দেখিয়ে এবং কাদের সিদ্দিকীকে ঋণ খেলাপের কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। আর স্বতন্ত্র বা দলীয় প্রার্থী কোনো কিছুই উল্লেখ না করার কারণ দেখিয়ে ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।









