গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। (ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (৮ ডিসেম্বর) বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের জোটভুক্তদের মধ্যে বেশ কয়েকটি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মাইকের মাধ্যমে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
জোটভুক্তদের পাশাপাশি বিএনপির একাধিক নেতাও শনিবার ধানের শীষের চূড়ান্ত প্রার্থিতা পান। রাত ৮টা ১৫ মিনিটের দিকে ঘোষণা করা হয়- আজ (শনিবার) আর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে না। রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ফের আসনসহ মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে।
গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থিতা পাওয়া ধানের শীষের প্রার্থীরা হলেন- পটুয়াখালী-২ আসন থেকে শহিদুল আলম তালুকদার, ময়মনসিংহ-১ আসনে আলী আজগর, গাইবান্ধা-২ আসনে আব্দুল রশিদ সরকার, নারায়ণগঞ্জ-১ আসনে গাজী মনির, কুমিল্লা-৬ আসনে হাজি আমিনুর রশিদ ইয়াসিন, নেত্রকোনা-৫ আসনে আবু তাহের তালুকদার এবং জামালপুর-১ আসনে রশিদুজ্জামান মিল্লাত।
এদিন জাতীয় ঐক্যফ্রন্ট শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামকে সাতটি আসনে ছাড় দেয় বিএনপি। গণফোরামের যে সকল প্রার্থীরা নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়বেন তারা হলেন, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ আসনে এএইচএম খালিকুজ্জামান, হবিগঞ্জ-২ আসনে রেজা কিবরিয়া, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইদ, কুড়িগ্রাম-৫ আসনে আমছা আমিন, মৌলভীবাজার-২ সুলতান মনসুর।
এছাড়া মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আ স ম রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পায় ৫টি করে আসন।
জেএসডির মনোনয়নপ্রাপ্তরা হলেন-লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আব্দুর রব, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন ও ঢাকা-১৮ আসনে শহিদুল উদ্দিন মাহমুদ স্বপন, শরিয়তপুর-১ আসনে নূরুল ইসলাম। কিশোরগঞ্জ-৩ আসনেও জেএসডির প্রার্থী লড়বেন বলে জানানো হয়েছে। তবে তার নাম ঘোষণা করা হয়নি। জেএসডির প্রার্থীরাও ধানের শীষ প্রতীকে লড়বেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এছাড়া দলটির হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল–৪ কে এম নুরুর রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ পেয়েছে ২ আসন। (টাঙ্গাইল-৮) আসনে মেয়ে ব্যারিস্টার কুড়ি সিদ্দিকী। অপর আসনটি টাঙ্গাইল-৪। এ আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে দু’জন প্রার্থী আছেন। একজন কাদের সিদ্দিকীর ভাই আজাদ সিদ্দিকী অপরজন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। এদের মধ্যে যেকোনো একজন ধানের শীষ প্রতীক পাবেন। এটা রবিবার (০৯ ডিসেম্বর) সিদ্ধান্ত হবে।









